ফেনীর পরশুরামে পুকুরের পানিতে ডুবে আরিফা সুলতানা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফা সুলতানা ওই গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে। শিশু আরিফা সুলতানার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকার সময় পরিবারের সদস্যদের অগোচরে হাঁটতে হাঁটতে বাড়ির সামনের পুকুরপাড়ে চলে যায় আরিফা। একপর্যায়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে আরিফাকে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, পুকুরের পানিতে ডুবে যাওয়া দুই বছরের শিশু আরিফা সুলতানাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।