প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত জাপান সফরের আগে ঢাকায় ফিরেছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

অন্যদিকে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সমন্বয় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মু. নজরুল ইসলামকে টোকিওতে পাঠানো হয়েছে।

ড. নজরুল টোকিওতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। অন্যদিকে, রাষ্ট্রদূত দাউদ আলী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এ সিদ্ধান্তের পেছনের কারণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আপাতদৃষ্টিতে প্রধানমন্ত্রীর জাপান সফরসংশ্লিষ্ট কার্যক্রম থেকে দাউদ আলী দূরে থাকছেন।

২০২৪ সালের ১২ ডিসেম্বর জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দাউদ আলী। এর আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা দাউদ আলী কূটনৈতিক জীবনে টোকিও, প্রিটোরিয়া ও লন্ডনে অবস্থিত বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিভিন্ন অনুবিভাগে একাধিক পদে তিনি কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *