প্রথম বোলার হিসেবে ভারতের বিপক্ষে স্যান্টনারের অনন্য কীর্তি

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। ফলাফল কিউইদের পক্ষে যায়নি। ১৮০ রান করেও হেরে গেছে স্বাগতিকরা। তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন স্পিনার মিচেল স্যান্টনার। ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি।

অবশ্য ভারতের বিপক্ষে এবারই প্রথম নয়, এর আগেও একবার চার উইকেট শিকার করেছিলেন স্যান্টনার। ২০১৬ সালের বিশ্বকাপে তার স্পিন ঘূর্ণিতে ভারত বধের ইতিহাস গড়েছিল এই কিউই স্পিনার। এটি ছিল ২০০৭ সালে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির পর প্রথম ঘটনা।

এরপর আরও দুজন স্পিনার ভারতের বিপক্ষে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেও এবার তাদের সবাইকে ছাড়িয়ে অন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন স্যান্টনার। ক্রিকেট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে মেন ইন ব্লুদের বিপক্ষে দু’বার চার উইকেট শিকার করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে স্পিনারদের চার উইকেট শিকারের গল্পটা খুব বেশি লম্বা নয়। ২০০৭ সালে জোহানেসবার্গে প্রথম স্পিনার হিসেবে ভারতের বিপক্ষে ২০ রান খরচায় চার ব্যাটারকে সাজঘরে ফেরান নিউজিল্যান্ডের কিংবদন্তি অফস্পিনার ড্যানিয়েল ভেট্টরি।

তার দীর্ঘ ৯ বছর পর ২০১৬ সালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান স্যান্টনার। এরপর ২০২১ সালে কলম্বোতে শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৯ রানে ৪ উইকেট) এবং চলতি বছর দিল্লিতে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস (২০ রানে ৪ উইকেট) ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডার গুড়িয়ে দিয়েছিলেন।

তবে ক্রাইস্টচার্চে আজ শনিবার স্যান্টনারের ৪ উইকেট নেওয়ার ঘটনাটি ভারতের বিপক্ষে কোনো স্পিনারের পঞ্চমবার চার উইকেট শিকারের ঘটনা। প্রথম বোলার হিসেবে একাধিকবার ভারতের বিপক্ষে ৪ উইকেট ঝুলিতে পুরলেন কিউই স্পিনার স্যান্টনার।

ম্যাচের নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে প্যাভিলিয়নের পথ দেখান স্যান্টনার। নিজের দ্বিতীয় ওভারে এসে পরপর তুলে নেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের মতো ডেঞ্জারাস দুই ব্যাটারকে। এরপর নিজের শেষ ও ইনিংসের ১৫তম ওভারে নামান ধীরকে আউট করে নিজের ৪ উইকেটের কোটা পূরণ করেন এই স্পিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *