নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে চোরাই গার্মেন্ট ফেব্রিক্স উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (৪ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম ডিবির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন রাজু। উদ্ধার করা এসব ফেব্রিক্স চট্টগ্রাম থেকে চুরি হওয়া বলে জানায় পুলিশ।
ডিবি জানায়, উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২নং চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাসার নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, যে ঘর থেকে মালামাল উদ্ধার করা হয়েছে সেটি সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার।
অভিযোগের বিষয়ে নুরুল হুদা বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি অনেক আগেই ঘরটি ভাড়া দিয়েছি। কে বা কারা এসব কাজে জড়িত, সে বিষয়ে আমি কিছুই জানি না।
চট্টগ্রাম ডিবির এসআই মহিউদ্দিন রাজু বলেন, আমরা ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।