পীরগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত, ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ

রংপুরের পীরগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কে একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে লিখন (৩২) নামে এক পথচারী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আজ সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বড়দরগাহ মাজারের সামনে মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লিখন পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ভগবানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত বাবুলও একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লিখন ও বাবুল মহাসড়কের পূর্ব পাশ থেকে হেঁটে পশ্চিম পাশে পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে রংপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে লিখন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং বাবুল ছিটকে মহাসড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বাবুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে নেমে আসেন এবং ট্রাকচালককে গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রীসাধারণ চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

বড়দরগাহ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ স্থানীয় লোকজনকে বুঝিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। ট্রাকটি চিহ্নিত করে আটকসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *