পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা জব্দ, চালক গ্রেপ্তার

বরিশালে টাটা পিকআপভ্যানের চালকের আসনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় রাহুল হাওলাদার (২২) নামে ওই পিকাপের চালককে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (৩ অক্টোবর) ভোররাতে বরিশালের রসুলপুর বরফকলের সামনের প্রধান সড়কে অভিযান চালিয়ে এই মাদকের চালান জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

গ্রেপ্তারকৃত রাহুল হাওলাদার বরিশাল নগরীর কলাপট্টি এলাকার বাসিন্দা। অভিযানে পালিয়ে যাওয়া অন্য দুই আসামি হলেন—কুমিল্লার সিরাজ মিয়া (৩৭) এবং বরিশালের রসুলপুর এলাকার পলাশ হাওলাদার (৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা টিম সড়কপথে অবস্থান নিয়ে একটি নীল-হলুদ রঙের টাটা পিকআপভ্যান থামায়। পরবর্তীতে গাড়িটিতে নিবিড় তল্লাশি চালিয়ে চালকের আসনের তলদেশে এবং ফিনিশিং ট্যাংকের নিচে অত্যন্ত সুকৌশলে নির্মিত গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে কস্টেপ ও পলিথিনে মোড়ানো ৩০টি পোটলায় ভর্তি সর্বমোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপভ্যানসহ চালকের কাগজপত্র জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে গোয়েন্দা কর্মকর্তা জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিরা একটি সুসংগঠিত আন্তর্জাতিক ও আন্তঃজেলা মাদক চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভারত সীমান্তবর্তী কুমিল্লা জেলা থেকে অভিনব কৌশলে এসব মাদকের বড় চালান এনে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করে আসছিল।

ঘটনায় জড়িত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করতে অভিযান জোরদার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *