পাচারের সময় বাসে মিলল জীবিত তক্ষক, নারীসহ আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাচারের সময় একটি বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে এক নারীসহ দুজনকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৩ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কুমিল্লার লালমাই পাহাড় থেকে বিরল প্রজাতির একটি তক্ষক বাসে করে ঢাকায় পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে অবস্থান নেয় তারা। তল্লাশির এক পর্যায়ে একটি বাস থেকে জীবিত তক্ষকটি উদ্ধার করা হয়। এ সময় পাচারের অভিযোগে রংপুরের খায়রুল ইসলাম ও কুমিল্লার তানজিনাকে আটক করা হয়।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের আওতায় অপরাধ স্বীকার করায় আটকদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তক্ষকটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *