পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশে এসে গেছে : নাসীরুদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী বলেছেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে।  মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানি বক্তা না থাকে তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাতে পারব না।

আজ শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইরে সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুৎবা শুরুর আগে নাসীরুদ্দিন পাটোয়ারী একথা বলেন।

নাসীরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, গত ১৫ বছরে অনেক আলেমের  ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে  আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।

নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানাই।
নাসীরুদ্দিন পাটোয়ারী জুমার নামাজ আদায় শেষে নেতাকর্মীদের নিয়ে বের হওয়ার সময় হুড়োহুড়িতে মসজিদের পেছনের ফটকের কাচ ভেঙে কমপক্ষে পাঁচ মুসল্লি আহত হন। এ সময় মসজিদের ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। মসজিদের ফটকের কাচের ভাঙা টুকরো পড়ে থাকে। তখন মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে সুন্নত নামাজ আদায় করতে পারেননি।  এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক মুসল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *