সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘাড় ও কোমরের কয়েকটি হাড়ে সমস্যা ধরা পড়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম। আজ মঙ্গলবার (১২ মে) সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আদালতের অনুমতি নিয়ে কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জুনাইদ আহমেদ পলকের এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) পরীক্ষা করা হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) করা সেই পরীক্ষার প্রতিবেদন তারা সম্প্রতি হাতে পেয়েছেন।
আইনজীবী তরিকুল ইসলাম আরও বলেন, পলকের কোমরের হাড় সরে যাওয়ার তথ্য উঠে এসেছে। পাশাপাশি ঘাড়ের ডিস্কেও সমস্যা শনাক্ত হয়েছে।
তরিকুল ইসলাম বলেন, পলক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সম্প্রতি কারাগারে গিয়ে দেখা করলে তিনি ঘাড় নাড়াতে পারছিলেন না বলে জানান। গুরুতর শারীরিক সমস্যার পরও তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে আদালতে আবেদন করা হবে।
গত ২৮ এপ্রিল পলকের অন্যতম আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী গণমাধ্যমকে বলেছিলেন, গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে কারাগারে ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় ভেতরে পড়ে গিয়ে পলক ঘাড়ে আঘাত পান। পরে তার এমআরআই করানোর আবেদন করা হয়। তবে এ ঘটনায় ভিন্ন বক্তব্য দিয়েছে কারা অধিদপ্তর।
কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এক বিবৃতিতে বলেন, প্রিজন ভ্যান কোনো দুর্ঘটনার শিকার হয়নি। পোস্তগোলা সেতু থেকে নামার সময় গাড়িটি হঠাৎ ব্রেক করলে ভেতরে থাকা বন্দিদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে পলক ঘাড়ে সামান্য ব্যথা পান।