পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২ মে) ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মেহেরুন্নেছা উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি দুই সন্তানের মা। তিনি পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের শিশু সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়া ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। রাত দেড়টার দিকে বাপ্পী থানা-পুলিশকে জানায়, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোররাতে ওই নারীর লাশ উদ্ধার করে।
ওসি নজরুল ইসলাম বলেন, মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।