নীতি সহায়তা পেতে গ্রাহকদের মামলা প্রত্যাহার করতে হবে : বাংলাদেশ ব্যাংক

সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে প্রণোদনাসহ নীতি সহায়তা দেওয়া হবে না। ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানকে নীতি সহায়তা দেওয়ার ক্ষেত্রে এ শর্ত বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এই সংক্রান্ত এক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ।

নির্দেশনায় বলা হয়, ব্যবসা পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হচ্ছে। তবে কোনো কোনো গ্রাহক একদিকে এসব সুবিধা নিচ্ছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। এতে আর্থিক খাতে মামলাজট তৈরি হচ্ছে। এমন অবস্থায় কোনো গ্রাহকের এ ধরনের মামলা অনিষ্পন্ন থাকলে তা প্রত্যাহারের শর্তে প্রণোদনা প্যাকেজ বা নীতি সহায়তার আবেদন বিবেচনা করতে বলা হয়। তবে নীতিগত সম্মতি পাওয়ার পর গ্রাহককে মামলা প্রত্যাহারের পাশাপাশি এ বিষয়ে হলফনামা দিতে হবে। সেখানে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা অনিষ্পন্ন নেই এমন ঘোষণা থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, হলফনামা পাওয়ার পর গ্রাহকের জন্য নির্ধারিত নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন করতে পারবে না ফাইন্যান্স কোম্পানি। আগে দেওয়া নীতিগত সম্মতির ভিত্তিতেই সুবিধা বাস্তবায়ন করতে হবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *