জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইসিওএসওসি) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে মঙ্গলবার (১৬ জুন) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রী সকালে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
আগামী ১৭ থেকে ১৯ জুন নিউইয়র্কে জাতিসংঘের ইসিওএসওসি’র হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘ সংস্থা ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
সফর শেষে আগামী ২০ জুন প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
ইসিওএসওসি’র ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হেক্টর গোমেজ এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘের ইসিওএসওসি হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টকে বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এখানে মানবিক সহায়তা জোরদার, আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসএন/পিডিকে