নারায়ণগঞ্জ সদর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (১ জুন) দিনগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার সৈয়দপুর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার কর হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পুরাতন সৈয়দপুর এলাকার মো. শাহিন (৪৩), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. আমির হোসেন (৪১) এবং বন্দরের মদনগঞ্জ লক্ষারচর এলাকার মো. সম্রাট (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্তকালে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। অভিযোগ রয়েছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল করে এলাকায় ভীতিকর পরিস্থিতি ও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজিদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কার্যক্রম পরিচালনা করার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।