নদীতে ডুবে প্রাণ গেল ৩ জনের

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্থানীয় কাল নদীতে এ ঘটে।

নিহতরা হলেন দুলালী খাতুন (২৩), আকলিমা খাতুন (১৬) ও সুরভী (১৩)। তাদের বাড়ি উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়ায়। আকলিমা খাতুন এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, আজ দুপুরে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কাল নদীর একটি অংশে তিনজন এক সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিলেও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এরপর বিষয়টি জরুরি সেবার ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে জানানো হলে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *