দেশের প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি মন্তব্য করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে শনিবার (২৩ মে) এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরো সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
মির্জা ফখরুল বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের একটি সংগঠন নয়, বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও বলেন, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং অধিকার আদায়ে বারবার সংগ্রাম করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি।
প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংবর্ধনা পান সানজিদা ইসলাম তুলি, এমপি, মঈনুল ইসলাম খান শান্ত, এমপি ও মো. আশরাফ উদ্দিন বকুল, এমপি।
অনুষ্ঠানে প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।