নকল টাকা ছাপানোর সময় হাতেনাতে যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নকল মোট দুই লাখ টাকা (২০০ টাকার নোট), একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।

গতকাল রোববার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে শ্রাবণকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ। 

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মজিবুর রহমানের একতলা ভবনের পশ্চিম দিকের উত্তর পাশের একটি কক্ষে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণকে হাতেনাতে ধরা হয়।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রাবণ নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নকল নোট তৈরি করে সেগুলো ঢাকায় পৌঁছে দেন।

এ ঘটনায় শ্রাবণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *