রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই নারীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (১৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আবু সোলায়মান সুমন আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার এ বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে পাঠানো দুই নারী হলেন সুমা বড়াল ওরফে ডলি ও জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত।
নথি থেকে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে শনিবার রাতে ধানমণ্ডি ৩২ নম্বরে যান ওই দুই নারী। সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এজাহারে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি সকালে ধানমন্ডি ৩ নম্বর রোডে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সমবেত হন। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ।