দ্বিতীয় ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে শুরুটা দারুণ হয়েছে টাইগারদের। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার স্বাগতিকদের হারানোর ইতিহাস লিখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দাপুটে ক্রিকেটে জয় পেয়েছিল ৯ উইকেটের বড় ব্যবধানে। আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন পেসাররা। দ্বিতীয় ম্যাচের আগে টাইগারদের পেস বোলিং শক্তি আরও বেড়েছে। পূর্ণ ফিট হয়ে দলের সঙ্গে আছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনাও আছে এই টাইগার পেসারের। তবে আপাতত খোলাসা করে কিছু বলছেন না টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ম্যাকাইয়ে অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিমন্স। সেখানে তাকে প্রশ্ন করা হয়, শরিফুলকে খেলাবেন কিনা–জবাবে সিমন্স বলেন, ‘আসলে এটা এখনও ঠিক করিনি। কালকে ঠিক করব।’

প্রথম ম্যাচে জয়ের পরে ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটাররা। সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না দলগুলো। সিমন্সও ইঙ্গিত দিলেন সেটার। টাইগারদের ক্যারিবীয়ান বলেন, ‘শরিফুল আমাদের দলে ভিন্ন কিছু যোগ করে। তবে আমরা মাত্রই একটি টেস্ট ম্যাচ জিতেছি। তাই জয়ী একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে এগুলো এখন শুধু সম্ভাবনা। চূড়ান্ত সিদ্ধান্ত কাল নেব।’

আগের ম্যাচে ৩ পেসার, ১ স্পিনার আর ১ অলরাউন্ডার নিয়ে খেলেছে বাংলাদেশ। শরিফুল ফেরায় বাংলাদেশের একাদশ নিয়ে তৈরি হয়েছে আরেকটি প্রশ্ন– অস্ট্রেলিয়ার পেস উইকেটে কি চার পেসার খেলাবে বাংলাদেশ? এ নিয়ে সিমন্স বলেন, ‘আসলে এটা এখনও ঠিক করিনি। কালকে ঠিক করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *