দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানির একটি চালান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে একটি বিশেষ কার্গো বিমানে করে এ জ্বালানি (ইউরেনিয়াম) বাংলাদেশে আনা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান।

প্রকল্পের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিমান থেকে জ্বালানি খালাস শেষে গভীর রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় পাবনার রূপপুরের উদ্দেশে সড়কপথে রওনা হওয়ার কথা রয়েছে, যা শনিবার ভোরে পৌঁছাবে। 

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে। দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর সমন্বয়ে গঠিত এ কেন্দ্রের দুই ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *