ইতালির রাজধানী রোমে আততায়ীর ছুরিকাঘাতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ দেশে এসেছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পৈতৃক বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে আজ সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া গুরুতর আহত তাদের একমাত্র ছেলে অয়নও পরিবারের সঙ্গে দেশে ফিরেছে।
পরিবার সূত্রে জানা গেছে, ইতালিতে প্রথম জানাজা শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। স্বজনেরা সকালে ঢাকায় মরদেহ গ্রহণ করে অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন। আজ সন্ধ্যায় চরকাঁকড়া ইউনিয়নের শিশু নিকেতন স্কুল মাঠে জানাজা হবে। এরপর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
একই পরিবারের তিন সদস্যের মরদেহ দেশে ফেরার খবরে চরকাঁকড়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। শোকার্ত স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।
গত ২৬ জুন রাতে রোমের ক্যাসালোত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অয়নকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
নিহতের স্বজনেরা জানান, ঘটনার আগে ২০২৫ সালের জুলাই মাসে নোয়াখালীর বাড়িতে ‘লাল বাহিনী’ নামের একটি কথিত চক্রের চিঠির মাধ্যমে তাদের হুমকি দেওয়া হয়েছিল। এ বিষয়ে তখন কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল।