দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়া নির্মাতা রাজ চক্রবর্তী বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। এর মাধ্যমে রাজনীতির মাঠে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেলেন তিনি।

গণনা যখন প্রায় শেষের দিকে, তখনই হাওয়া বুঝে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন রাজ। কিন্তু গণনা কেন্দ্র থেকে বেরোতেই সেখানে উপস্থিত উন্মুক্ত জনতা ‘চোর চোর’ বলে কটাক্ষ করেন রাজকে, পরিচালকের দিকে ছুঁড়ে দেওয়া হয় কাদা। বিনা বাক্য ব্যয়ে সেখান থেকে বেরিয়ে যান রাজ।

রাজের সঙ্গে হওয়া এই ঘটনার ভিডিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। গোটা ঘটনায় রাজ একটি কথা না বললেও আজ মঙ্গলবার (৫ মে) সকাল সকাল রাজকে ঘিরে একটি পোস্ট করেন স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী। অভিনেত্রীর পোস্ট দেখে স্পষ্ট, স্বামীর দুঃসময়ে তিনি স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন।

সন্তানদের সঙ্গে এবং নিজের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি  সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘তুমিই আমাদের সুপার হিরো। আমাদের গর্ব। আমাদের সুপারস্টার। আমাদের বাড়ি। আমাদের গোটা পৃথিবী।’

শুভশ্রীর এই পোস্ট দেখেই সকলে অনুমান করছেন, বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর এই মুহূর্তে মানসিকভাবে একেবারেই ভালো নেই রাজ, আর তাই স্বামীর মন ভালো করতেই এমন পোস্ট করেছেন অভিনেত্রী। 

অভিনেত্রীর এই পোষ্টের কমেন্ট বক্সে যেমন অনেকে রাজকে সহমর্মিতা দেখিয়েছেন তেমন অনেকে এটাও বলেছেন তারা রাজকে আগামী দিনে শুধুই পরিচালক হিসেবে দেখতে চান কোনো পলিটিশিয়ান হিসেবে নয়।

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর সঙ্গে ঘটা এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আরও একটি খবর ছড়িয়ে পড়ে সেটি হলো ভোটে হেরে যাওয়ার পর রাজ নাকি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিদায় নিয়েছেন। কিন্তু যে খবরটি ছড়িয়েছে সেটি পুরোপুরি গুজব কারণ রাজের ব্যক্তিগত ইনস্ট্রাগ্রাম ও ফেসবুকে অ্যাকাউন্ট এখনও সক্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *