দিনাজপুরে তাপপ্রবাহ অব্যাহত, ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন

দিনাজপুর জেলায় টানা দ্বিতীয় দিনের মতো তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে জনজীবনে চরম অস্বস্তি দেখা দিয়েছে। প্রচণ্ড তাপের কারণে দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্ক নাগরিকরা। মাঠে কাজ করতে হিমশিম খাচ্ছেন শ্রমজীবীরা; দিনমজুর, ভ্যানচালক ও রিকশাচালকদের দিন কাটছে কষ্টে।

আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার (১ জুন) বিকেল ৩টায় দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেশি থাকায় দুপুরের পর রাস্তাঘাটে মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেক এলাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত সড়ক প্রায় ফাঁকা দেখা গেছে। তীব্র রোদের কারণে কোথাও কোথাও পিচঢালা সড়কে গলনের চিত্রও লক্ষ্য করা গেছে।

প্রচণ্ড গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা, মাথা ঘোরা ও ক্লান্তিসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার প্রবণতা বেড়েছে। এদিকে গরমের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রকোপও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। তারা পর্যাপ্ত পানি পান, বিশুদ্ধ পানি ব্যবহার এবং রোদে দীর্ঘক্ষণ না থাকার পরামর্শ দিচ্ছেন।

এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, জেলা ও আশপাশের কয়েকটি জেলার ওপর দিয়ে বর্তমানে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী বুধবার (৩ জুন) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ৪ জুন থেকে এ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রংপুর বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই তাপপ্রবাহ চলাকালে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি নজর রাখা জরুরি। পাশাপাশি শ্রমজীবী মানুষদের নিরাপদ বিরতি, ছায়াযুক্ত স্থান এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *