রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পাংশা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে কুষ্টিয়াগামী একটি কাঠবোঝাই ট্রাক পাংশা কলেজ মোড়ের কাছে পৌঁছালে চালক নজরুল ইসলাম চাকা নষ্ট হওয়ায় সেটি সড়কের পাশে থামিয়ে মেরামত করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ভুসির বস্তা বোঝাই একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিজের ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।