ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আজ রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।

স্পিকার আরও উল্লেখ করেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে, তবে দেশের যেকোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দল একত্রে সমাধানের চেষ্টা করে। আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ-পরবর্তী প্রেক্ষাপট। এই উত্তরণের পর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের বর্তমান অবস্থান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং নিয়মিত প্রতিনিধি দলের সফর বিনিময়ের আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *