গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনসহ বিভিন্ন মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ আগস্ট) গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার ১৫ নম্বর শিবপুর ইউনিয়নের শ্রীমুখ স্ট্যান্ড বাজারে শ্রীমুখ কেশবপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মো. উজ্জ্বল মণ্ডলের চায়ের দোকানে অভিযান চালায় পুলিশ। সেখানে অনলাইনে জুয়া খেলার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার মালঞ্চা গ্রামের আল আমিন প্রধান (৪২), ভাগকাজি গ্রামের সোহেল সরকার (৩০) ও বারটিকরী গ্রামের কাওসার মৃধা (২২)। এ সময় তাদের কাছ থেকে ৩টি স্মার্টফোন ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৫০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই দিন পৃথক মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, অনলাইন জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গ্রেপ্তার সাতজনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।