তারিক সিদ্দিকের ড্রাইভার ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের ড্রাইভার মো. মহিদুল ইসলাম (৪২) ও কেয়ারটেকার মো. চান মিয়ার (৪৬) দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আজ শুক্রবার (২৪ এপ্রিল) আসামিদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত।

চার দিনের রিমান্ড শেষে আজ আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় দফায় তাদেরকে পুনরায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন ২০ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাদের এ মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় আসামিদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *