মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামের এক তরুণীর ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে স্মৃতির বাবা ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। ঘটনার পর শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সায়নকে আটক করেছে মেহেরপুর সদর থানা-পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে লর্ড মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিকপাড়া এলাকার বাসিন্দা সায়ন গভীর রাতে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। একপর্যায়ে কুপিয়ে তরুণীর শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন করে দেন ওই যুবক। স্মৃতির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা এগিয়ে এলে সায়ন তাদেরকেও কুপিয়ে আহত করেন এবং দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশের একাধিক দল অভিযানে নেমে অভিযুক্ত সায়নকে মল্লিকপাড়া এলাকা থেকে আটক করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।