ড্র করেও যে রেকর্ড ব্রাজিলের দখলে

বলা হচ্ছিল এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচ ব্রাজিল-মরক্কোর লড়াই। কেনো বলা হচ্ছিল, তার প্রমাণ পাওয়া গেছে মাঠের খেলায়। পুরো ১০০ মিনিট চলেছে আক্রমণ আর প্রতিআক্রমণ। ফুটবলপ্রেমীদের চোখের আনন্দের জন্য যথেষ্ট এমন একটি ম্যাচ। যদিও ফলাফল কারো পক্ষেই যায়নি।

আজ রোববার (১৪ জুন) ‘সি’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল আর মরক্কো। জয় না পেলেও ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে সেলেসাওরা।

বিশ্বকাপের একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া সেলেসাওরা নিজেদের উদ্বোধনী ম্যাচে তৈরি করেছে এক অভেদ্য দুর্গ। দীর্ঘ ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখেনি ব্রাজিল। সেই ধারা অব্যাহত রাখল তারা।

ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সর্বশেষ হেরেছিল ১৯৩৪ সালের বিশ্বকাপে। এর পরের বিশ্বকাপ থেকেই দেখা মেলে অন্য এক ব্রাজিলের। সেই ১৯৩৪ সালের ২৭ মে-র পর থেকে এখন পর্যন্ত দীর্ঘ ৯২ বছরে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর কোনো দল ব্রাজিলকে হারাতে পারেনি।

মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ ১২ বছর বিশ্বকাপ বন্ধ থাকলেও মাঠে ব্রাজিলের এই অপরাজেয় ধারা সচল ছিল। ১৯৩৮ সাল থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি আসরের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল অপরাজিত রয়েছে। এই ২০টি ম্যাচের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে তারা, বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে।

এই দীর্ঘ যাত্রায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে মেক্সিকোর। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ এবং ২০১৪ সালের আসরে প্রথম ম্যাচেই মেক্সিকোর মুখোমুখি হয় সেলেসাওরা।

মজার বিষয় হলো, মেক্সিকোর বিপক্ষে চারবারের দেখায় প্রতিবারই ব্রাজিল জয়ী হয়েছে। সেই ম্যাচে মেক্সিকোর জালে মোট ১৪ বার বল পাঠালেও নিজেদের গোলপোস্ট বরাবরই অক্ষত রেখেছিল ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *