ডিলারের গুদাম ভেঙে দেড়শ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটের আশঙ্কায় ডিলার পয়েন্টের বেড়া ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দুপুরে শিলখুড়ি ইউনিয়নের বিসিআইসির অনুমোদিত সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজ থেকে সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় সার না পাওয়ার শঙ্কায় ক্ষুব্ধ কৃষকরা মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের টিনের বেড়া ভেঙে প্রায় ১৭০ বস্তা সার নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে কৃষকরা ৩০ বস্তা সার ফেরত দিয়ে যান।

সার নিতে এসে খালি হাতে ফেরত যাওয়া কয়েকজন কৃষক বলেন, কয়েক দিন ধরে সারের জন্য ঘুরছি, কিন্তু সার পাচ্ছি না। সারের ডিলার ইউনিয়নের জন্য বরাদ্দ সারের অর্ধেক খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। ফলে আমরা চাহিদামতো সার পাই না। যে সারের বস্তার নির্ধারিত দাম এক হাজার ৩৫০ টাকা, ব্যবসায়ীরা তা এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ টাকায় বিক্রি করছেন। জমিতে সার দিতে না পারায় ফসলের ক্ষতি হচ্ছে।

মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুল বলেন, দুপুরে সার বিতরণের প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন এসে আমাকে অবরুদ্ধ করে। পরে সার নিতে আসা ব্যক্তিরা ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় ১৪৩ বস্তা ডিএপি ও ২৪ বস্তা এমওপি সার নিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সার বিতরণ নিয়ে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সার নিতে আসা ব্যক্তিদের মধ্যে আশঙ্কা ছিল তারা পর্যাপ্ত সার পাবেন না। সেই সন্দেহ থেকে কয়েকজনের নেতৃত্বে সার নিয়ে যাওয়া হয়। সারগুলো ফেরত দিলে তা সারের অভাব থাকা কৃষকদের মাঝে বিতরণ করা হবে, আর ফেরত না দিলে ভিডিও ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *