রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ঐতিহাসিক ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরে আমরা অনেকেই বসবাস করি। কেউ জন্মসূত্রে, কেউ জীবিকার জন্য আবার কেউ শিক্ষার জন্য। কেউ স্থায়ীভাবে আবার কেউ অস্থায়ীভাবে। এই শহর আমাদের আশ্রয় দিয়েছে – এই সূত্রে আমরা সবাই এই শহরের নাগরিক। কিন্তু শতবর্ষী এই রাজধানীর ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির সাথে দৃঢ় বন্ধন না থাকায় এই শহরকে আমরা অনেকেই আপন করে নিতে পারিনি। ফলে, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষাসহ সার্বিক বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। নাগরিকদের কাছে রাজধানী ঢাকার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরে নাগরিকদের হৃদয়ে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ তৈরির জন্যেই এই আয়োজন।
সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু। আর ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় আধুনিক নগর প্রশাসনের পথচলা। কালের বিবর্তনে যা আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তাই ১ আগস্টকে আমরা ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছি।
মো. আবদুস সালাম আরও বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান—বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী এই ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লক্ষ্য।
একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে ডিএসসিসি দেশের সর্বস্তরের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছে।
মাসব্যাপী মূল কর্মসূচি
০১-০৭ আগস্ট: শিশু একাডেমিতে, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা (ইতোমধ্যে সম্পন্ন)
০২-০৬ আগস্ট: চ্যানেল আই এর ব্যবস্থাপনায় ঢাকার চলচিত্রের ৭০ বছর পূর্তি উৎসব (ইতোমধ্যে সম্পন্ন)
১৪ আগস্ট: ভোরে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ ঢাকা গেট থেকে নগরভবন।
১৫ আগস্ট: ‘ঢাকা হেরিটেজ রান’ মতিঝিল শাপলা চত্বর থেকে বুড়িগঙ্গা মঞ্চ (সোয়ারীঘাট)।
১৬-২২ আগস্ট: জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তন, সূত্রাপুরে ঢাকার উপর নির্মিত মঞ্চ নাটক (নাট্যোৎসব)।
২১ আগস্ট: খোলামোড়া ঘাট হতে ওয়াইজ ঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
২১ আগস্ট: সদরঘাটে শতবছরের পুরাতন বিশেষ হেরিটেজ ক্রুজযোগে পর্যটকদের ভ্রমণ।
২২ আগস্ট: মধুমিতা সিনেমা হলে, ঢাকা নিয়ে নির্মিত পুরাতন চলচিত্র প্রদর্শন।
২১-৩০ আগস্ট: ঢাকার বিপনীবিতানে দি গ্রেট ঢাকা সেল
২১-৩০ আগস্ট: লাভ লেটার টু ঢাকা (ঢাকা নিয়ে নাগরিকদের আবেগ ও ভালোবাসার চিঠি আহবান)।
২১-২৮ আগস্ট: শিল্পকলা একাডেমিতে, ঢাকার উপর নির্মিত মঞ্চ নাটক।
২৩-২৯ আগস্ট: বিটিভিতে, ঢাকা নিয়ে নির্মিত পুরাতন নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার।
২৪ আগস্ট: জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হেলিপাড উত্তর ধানমণ্ডিতে হেলিকপ্টারের মাধ্যমে পাখির চোখে হৃদয়ে ঢাকা উৎসব প্রদর্শন।
২৮ আগস্ট: লক্ষ্মীবাজার থেকে নগরভবন ঢাকা শোভাযাত্রা (ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি, পালকিসহ)।
২৯ আগস্ট: বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। একই সাথে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।
৩০ আগস্ট: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
০১ সেপ্টেম্বর: শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের উপস্থিতিতে উন্মুক্ত আর্ট ক্যাম্প।
০৫ সেপ্টেম্বর: আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডা।