ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার এবং একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারের মধ্যে রমনা বিভাগ ৪৬, লালবাগ বিভাগ ৪৯, ওয়ারী বিভাগ ৬৫, মতিঝিল বিভাগ ৮৫, তেজগাঁও বিভাগ ৫৩, মিরপুর বিভাগ ১০১, গুলশান বিভাগ ৩৪, উত্তরা বিভাগ ৪৩, গোয়েন্দা বিভাগ ১৭ এবং সিটিটিসি সাত জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম তিন পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইলফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।