গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী একটি ট্রাক সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ও পানিতে ডুবে ৪টি গরু মারা গেছে। আজ শুক্রবার (২২ মে) ভোর সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪টি গরুকে জীবিত উদ্ধার করা হলেও কোরবানির ঈদকে সামনে রেখে ধার-দেনা করে কেনা গরু হারিয়ে এখন পুরোপুরি নিঃস্ব ব্যবসায়ীরা।
জানা গেছে, ট্রাকে থাকা ৮টি গরু চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি গরুর হাট থেকে বৃহস্পতিবার দুপুরে কেনা হয়েছিল। গরুগুলো আজ শুক্রবার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাওলিয়া গরুর হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে গোপালগঞ্জের কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ৪টি গরুকে জীবিত উদ্ধার করেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা মানুষেরা অক্ষত থাকলেও চালক নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ক্ষতিগ্রস্ত গরুর বেপারীরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের রানা বেপারী ও মশাং গ্রামের লিটন বেপারী। ট্রাকে লিটন বেপারীর ছেলে সৈকত বেপারীও ছিলেন। ব্যবসায়ীরা জানান, মারা যাওয়া ৪টি গরুর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
কান্নাজড়িত কণ্ঠে রানা বেপারী বলেন, মানুষের কাছ থেকে ঋণ আর ধার করে গরুগুলো কিনছিলাম। ভাবছিলাম ঈদের হাটে বিক্রি করে কিছু লাভ হবে, সংসারটা একটু ভালোভাবে চলবে। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা কীভাবে শোধ করবো বুঝতে পারছি না। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।
আরেক ব্যবসায়ী লিটন বেপারী জানান, সারারাত রাস্তায় থাকার পর হাটের কাছাকাছি পৌঁছেও এই বড় ক্ষতি তারা এড়াতে পারলেন না।
উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লি নেয়ামত উল্লাহ জানান, ফজরের নামাজ পড়ে ফেরার পথে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং গরুগুলোকে পানিতে ছটফট করতে দেখে উদ্ধার কাজে হাত দেন। দৃশ্যটি অত্যন্ত হৃদয়বিদারক ছিল বলে উল্লেখ করেন তিনি।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, চালক ঘুমের ঘোরে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খালে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত কাজ শুরু করে ৪টি মৃত ও ৪টি জীবিত গরু উদ্ধার করে।