নাটোরের বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্যাংক লরি লিকেজ হয়ে ভারত থেকে আমদানি করা গ্যাস খোলা বাতাসে নির্গত হয়ে গেছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে মহাসড়কের পাশের এক রেস্তোরাঁর সামনে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।
লরিচালকের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আমদানিকৃত নাইট্রোজেন গ্যাস বেনাপোল বন্দর থেকে ট্যাংক লরিতে লোড করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাইওয়ে হোটেলের সামনে লরিটি থামিয়ে চালক সকালের খাবার খেতে যান। এ সময় হঠাৎ বিকট শব্দে লরির লোডিং পয়েন্ট খুলে যায় এবং দ্রুত গ্যাস বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই নির্গত গ্যাসের ঘন সাদা ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক লরি নিয়ে সেখান থেকে চলে যান বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, লরিতে আমদানিকৃত নাইট্রোজেন গ্যাস ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।