টিনের চালা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মেহেরপুরের গাংনী উপজেলায় আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক সাহারবাটি গ্রামের মৃত নজের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নির্মাণ ও ঘর মেরামতের শ্রমিকের কাজ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চারচারা বাজার এলাকায় খোকন আলী নামে এক ব্যক্তির টিনের ঘরের চাল মেরামতের কাজ করছিলেন এনামুল। চালার ওপর কাজ করার সময় অসাবধানতাবশত মাথার ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। বিদ্যুতের শকে তিনি চালার ওপরই অচেতন হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।