ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার সিটির সঙ্গে পয়েন্ট টেবিলে বড় ব্যবধান ছিল আর্সেনালের। কিন্তু শেষদিকে একের পর এক পয়েন্ট হারিয়েছে মিকেল আর্তেতার দল। এখন তাদের অবস্থান চলে গেছে টেবিলের দুই নম্বরে। ফলে লিগের বাকি ম্যাচগুলোতে এখন জয়ের বিকল্প নেই গানারদের সামনে।
এমন ম্যাচে আজ শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ঘরের মাঠ ইমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেডকে আতিয়েথতা দেবে আর্সেনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি নেটওয়ার্ক।
মৌসুমের শেষদিকে এলেই ছন্নছাড়া হয়ে যায় আর্সেনাল। এবারও তা ব্যতিক্রম হয়নি। শুরুর দিকে দুর্দান্ত খেলতে থাকা আর্সেনাল এখন জয়-পরাজয়ের বৃত্তে ঘুরছে। নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় মাত্র একটি ম্যাচে, হেরেছে তিনটি আর একটি ম্যাচ ড্র করেছে।
নিউক্যাসেলের অবস্থাও অবশ্য একই, বরং আরেকটু করুণ। নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে তারা। জয় পেয়েছে মোটে একটি ম্যাচে। সেটিও চার ম্যাচ আগে।
পরিসংখ্যানে এগিয়ে থেকেই অবশ্য এ ম্যাচে মাঠে নামবে আর্সেনাল। দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে আর্সেনাল। বাকি দুটি জিতেছে নিউক্যাসেল। তবে সর্বশেষ ম্যাচে চলতি মৌসুমে গত সেপ্টেম্বরে নিউক্যাসেলের মাঠে হেরে এসেছে মিকেল আর্তেতার দল।
সব হিসাব-নিকাশের বাইরে আর্সেনালের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। কারণ, শিরোপার সমীকরণ মেলাতে হলে পয়েন্ট খোয়ালে চলবে না।