টাঙ্গাইলের মধুপুরের টেলকি গ্রামে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক।
মৃতরা হলেন- জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। এ সময় প্রথমে গ্রাবিয়েল নকরেক ছাগল উদ্ধার করতে কূপে নামেন। পরবর্তীতে বাইরে থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরও তিনজন প্রবেশ করেন। তাদের সবার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
মধুপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএন/কে