কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি : এএফপি
স্পেন থেকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা– সবাই তার কাছে অসহায় হয়ে পড়েছিল। অসাধারণ এক রূপকথার গল্প লেখা শুরু করেছিলেন তিনি। তবে ফুটবল সব সময় রূপকথার সুখপাঠ্য সমাপ্তি লিখে দেয় না। কখনো কখনো গল্পের শেষটা লেখা হয় বেদনার কালিতে। কোনো ট্র্যাজেডি হয়ে। বিশ্বকাপের মঞ্চ থেকে একটি ছোট্ট দেশের বিশ্বজয়ের স্বপ্ন যেখানে থমকে দাঁড়িয়েছে, ঠিক সেখানেই ব্যক্তিগত নৈপুণ্যে অমরত্বের স্বাদ পেয়েছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। যিনি পুরো আসর জুড়ে লড়াই করেছেন লড়াকু এক বীরের মতো।
বিশ্বকাপ শুরুর আগে ভোজিনহার নাম খুব বেশি মানুষের পরিচিত ছিল না। কিন্তু স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আলোচনায় আসা কেপ ভার্দের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন এই অভিজ্ঞ গোলরক্ষক। এরপর উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনি ছোট্ট দ্বীপরাষ্ট্রটিকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বয়স ৪০ হলেও গোলবারের নিচে তার ক্ষিপ্রতা ছিল ঈর্ষণীয়।
শেষ ৩২-এ প্রতিপক্ষ ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। কাগজে-কলমে এটি ছিল অসম লড়াই। কিন্তু মাঠে সেটি রূপ নেয় মেসি ও ভোজিনহার স্মরণীয় দ্বৈরথে। মেসির একটি গোল ঠেকাতে না পারলেও দ্বিতীয়ার্ধে একক আক্রমণ, দুর্দান্ত এক ফ্রি-কিক এবং অতিরিক্ত সময়ে আরও একটি নিশ্চিত সুযোগ অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। ম্যাচজুড়ে আটটি সেভ করে শেষ মুহূর্ত পর্যন্ত কেপ ভার্দের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন ভোজিনহা।
তবে ফুটবল সব সময় রূপকথার সমাপ্তি লিখে না। শেষ পর্যন্ত থেমেই গেল ভোজিনহার রূপকথা। বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে কেপ ভার্দে।
ম্যাচের অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে সতীর্থ ডিনি বোর্হেসের আত্মঘাতী গোলে ভেঙে যায় কেপ ভার্দের স্বপ্ন। শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি দলটি৷ কিন্তু শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ভোজিনহার লড়াইয়ে এতটুকুও ভাটা পড়েনি।
শেষ পর্যন্ত আর্জেন্টিনাই জয় উদযাপন করেছে, কিন্তু বিদায়ের মঞ্চেও ভোজিনহা হারিয়ে যাননি। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক দেখিয়ে গেছেন, সাহস, নিষ্ঠা আর আত্মবিশ্বাস থাকলে ছোট একটি দেশের জার্সিতেও বিশ্বমঞ্চ কাঁপানো যায়। কেপ ভার্দের বিশ্বকাপ অভিযান শেষ হলেও ভোজিনহার নামটি এই আসরের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী গল্পগুলোর একটি হয়ে ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ কেপ ভার্দে ফুটবল দল
sn/sks