জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন জুলাই সনদের দাড়ি-কমা অনুযায়ী সব বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে স্বাক্ষর হয়েছে তা বাস্তবায়ন হবে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন জমা শেষে চিফ হুইপ এসব কথা বলেন।
নূরুল ইসলাম মণি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নের প্রস্তাবক ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক ছিলেন দলটির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
নূরুল ইসলাম মণি আরও বলেন, আমাদের জোট থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ আগস্ট তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।