জার্মানির বিতর্কিত গোল বাতিল, অবশেষে মুখ খুলল ফিফা

এই হেডে গোল পেয়েছিল জার্মানি, পরে রেফারি তা বাতিল করেন। ছবি : এএফপি

প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিলেও শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে জার্মানি। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলও পেয়ে যায় তারা। তবে, জার্মানদের সেই আনন্দ স্থায়ী হয়নি। ভিএআরে চেক করার পর বাতিল হয় জার্মানির গোল। পরবর্তীতে পেনাল্টি শ্যুটআউটে হেরে বাদ পড়ে জার্মানি।

যেটি নিয়ে পরে ক্ষোভ ঝাড়েন জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান। ম্যাচের পর কড়া সমালোচনা করেন। অবশেষে মুখ খুলেছে ফিফা। বাতিলের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

গোল বাতিলের ব্যাখ্যায় ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা এই বিষয়ে স্পষ্ট কথা বলেন। কেন এটি ভিএআরে দেখা হলো, সেটিও জানান তিনি। আগে থেকেই ফিফা এই ব্যাপারে জানিয়ে দেওয়ায়, এতে অবাক হওয়া কিছু নেই বলে মনে করেন রেফারি কমিটির চেয়ারম্যান।

কোলিনা বলেন, ‘নিজের পজিশন ধরে রাখা কোনো ফাউল নয়। কিন্তু যখন একজন আক্রমণভাগের খেলোয়াড় বলের দিকে নজর না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামান্য হলেও নড়াচড়া করেন, যার স্পষ্ট উদ্দেশ্য থাকে প্রতিপক্ষের গতিবিধি রোধ করা এবং তাকে রক্ষণভাগ সামলাতে বাধা দেওয়া, তখন রেফারি এবং প্রয়োজনে ভিএআরের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে হস্তক্ষেপ করা উচিত।’

কোলিনা যোগ করেন, ‘বিশেষ করে এই কৌশলটি যখন প্রতিপক্ষের গোলকিপারকে গোল রক্ষা করা থেকে বিরত রাখতে ব্যবহার করা হয়, তখন এটি শাস্তিযোগ্য। যেহেতু কোচ এবং খেলোয়াড়দের টুর্নামেন্টের আগেই এই বিষয়ে জানানো হয়েছিল, তাই রেফারিরা এই ধরনের ফাউলের শাস্তি দিলে অবাক হওয়ার কিছু নেই।’

ফুটবল বিশ্বকাপ ২০২৬ জার্মানি ফুটবল দল ফিফা

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *