জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নতুন কর্মসূচি

সংবিধান সংস্কার পরিষদের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট।

আগামী ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্যদিয়ে এই কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে সমাবেশ করবে তারা।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষ রায় দিলেও সরকার জনগণের সেই রায়কে উপেক্ষা করছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও সরকার এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে সংসদীয় মেজরিটির জোরে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।

১১ দলের বিভাগীয় সমাবেশের সূচি বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশ, ১৩ জুন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, ২০ জুন খুলনা বিভাগীয় সমাবেশ, ২৭ জুন ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ, ১১ জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশ।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি আরও বলেন, আসন্ন ঈদুল আজহার কারণে মে মাসে কেবল একটি সমাবেশ রাখা হয়েছে। ঈদের ছুটির পর জুন মাস থেকে পুনরায় পুরোদমে আন্দোলন ও সমাবেশ শুরু হবে। বিভাগীয় এই সমাবেশগুলোতে সংশ্লিষ্ট বিভাগের সকল জেলা ও মহানগরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, বিভাগীয় সমাবেশের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভার পরিকল্পনাও নিয়েছে ১১ দল। বিশেষ করে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে জনমত গঠন করা হবে। এছাড়া দেশের সাতটি বিভাগে বিষয়ভিত্তিক সেমিনার চলমান থাকবে বলেও হয়।

সরকারের সমালোচনা করে আযাদ বলেন, জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও বেগবান করতে হবে। ছাত্র সমাজকেও এই আন্দোলনে সজাগ ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, ‘গণভোট অনুমোদিত জুলাই আদেশ’ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বর্তমানে জোটের দুই সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে। এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীতে এবং ২৫ এপ্রিল অন্যান্য মহানগরে গণমিছিল করেছে ১১ দল। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২ মে দেশের সব জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *