জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চল ও রাজধানী টোকিওসহ আশপাশের বিশাল এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কম্পনের পর বেশ কয়েকটি লাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। খবর আনাদুলুর। 

স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) ভোররাতে ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে, শক্তিশালী এই কম্পনে কানাগাওয়া, চিবা, সাইতামা এবং মধ্য টোকিওজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে সুরক্ষাজনিত কারণে তোবু রেলওয়েসহ একাধিক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় অথবা ট্রেনের গতি কমিয়ে আনা হয়। তোকাই, ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ যাচাই করে দ্রুত জনগণকে তথ্য পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী এক সপ্তাহে- বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন এলাকাগুলোতে সমমাত্রার আফটারশক বা অনুকম্পন হতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *