জাতীয় দলের রাডারে থাকা পাঁচ ফুটবলার খেলছেন ইংল্যান্ডে

নতুন পথের যাত্রায় বাংলাদেশের ফুটবল। হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর পর বদলে গেছে অনেক কিছু। প্রবাসে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত অনেক ফুটবলারই এখন আগ্রহ প্রকাশ করছেন বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) প্রতিভাবানদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রবাসে থাকা এসব ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা বাফুফের। দেশের ফুটবলের অভিভাবক সংস্থার সহ-সভাপতি ফাহাদ করিম সম্প্রতি বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন।

ফাহাদ করিমের দেওয়া তথ্য এবং ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলে খেলা ফুটবলারদের মধ্যে পাঁচজন রয়েছেন যারা ইংল্যান্ডের বিভিন্ন স্তরের ফুটবলে খেলছেন। এরমধ্যে দুজন ইতোমধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন।

হামজা চৌধুরী

দেশের ফুটবলের বর্তমান পোস্টারবয় হামজা চৌধুরী। একসময় প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বর্তমানে খেলছেন লেস্টার সিটিতে। সম্প্রতি তার ক্লাব বদলের গুঞ্জন সামনে এলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাব কিংবা হামজার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

লুই ওয়াটসন

ইংলিশ ফুটবল লিগ ২- এর দল ক্রাউলি টাউন এফসিতে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার লুই ওয়াটসন। ইতোমধ্যে এই মিডফিল্ডারের জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন করেছে বাফুফে। এখন তিনি অনুমতি দিলেই পাসপোর্ট তৈরির কাজও শুরু করবে বলে জানিয়েছে বাফুফে।

ফারহান আলী ওয়াহিদ

গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা ইংলিশ ক্লাব ফুলহামের অনূর্ধ্ব-২১ দলে দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন তিনি। এরপর প্রাক-মৌসুম প্রস্তুতিতে মূল দলের হয়েও অভিষেক হয় তার। তবে ফুলহাম তাকে এক বছরের জন্য লোনে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উড ক্লাবে পাঠিয়েছে।

কিউবা মিচেল

ইতোমধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে কিউবা মিচেলের। মাঝে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছিলেন তিনি। পরে সেখান থেকে আবারও ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। বর্তমানে নাম লিখিয়েছেন ইংলিশ ক্লাব স্ট্যার্টফোর্ড টাউনে।

জায়ান হাকিম

ক্যারিয়ান দ্বীপপুঞ্জে জন্ম নেওয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ক্লাব বারওয়েল এফসিতে। বাংলাদেশের গোলখরা কাটানোর অস্ত্র হিসেবে এই ফরোয়ার্ডকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। ইতোমধ্যে তার কাগজপত্র তৈরির কাজ শুরু করেছে ফেডারেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *