চ্যাম্পিয়ন পিএসজির সামনে ছয়বারের সেরা বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে লড়াইটা হবে সেয়ানে সেয়ান। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাত ১টায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মোকাবিলা করবে বায়ার্ন মিউনিখকে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। বায়ার্ন এই শিরোপা জিতেছে মোট ছয়বার।

ফরাসি জায়ান্টদের সামনে একটাই লক্ষ্য—শিরোপা ধরে রাখা। শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে গেলে ফাইনালে যেতে হবে আগে। তার আগে পার করতে হবে প্রথম লেগ। সাম্প্রতিক ফর্ম বলছে, টানা পাঁচ ম্যাচে জয়ের হাসি হেসেছে বায়ার্ন। পিএসজি তাদের শেষ পাঁচ ম্যাচের চারটিতে নিশ্চিত করেছে জয়।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে পিএসজি। কিন্তু, ভিনসেন্ট কম্পানির বায়ার্ন তো ছেড়ে কথা বলবে না। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে এগিয়ে আছে বাভারিয়ানরা।

দুদলের ১৫ দেখায় বায়ার্ন জিতেছে ৯টি, পিএসজি ৬টি। মজার ব্যাপার, এই দুদল মুখোমুখি হলে ফল বের হওয়া নিশ্চিত। ১৫ দেখায় যে কোনো ড্র নেই। গোল পরিসংখ্যানও বায়ার্নকেই আগে রাখছে। প্যারিসের জালে তারা গোল দিয়েছে ২১টি, পিএসজি শোধ করেছে ১৬টি।

চলতি মৌসুমে ট্রেবলের সুযোগ আছে বায়ার্নের সামনে। ইতোমধ্যে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জিতেছে দলটি। এখন অপেক্ষা চ্যাম্পিয়ন্স লিগের। ফরাসিরাও লিগ ওয়ান জয়ের দাবিদার। ঘরোয়া লিগের চার ম্যাচ বাকি আছে। দুইয়ে থাকা লেন্সের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে দলটি। অঘটন না ঘটলে লিগ তারাই জিতবে।

মাঠে নামার আগে আত্মবিশ্বাসী পিএসজি কোচ লুইস এনরিকে। সংবাদ সম্মেলনে জোরালো কন্ঠেই বলেছেন, ‘আমাদের চেয়ে বেটার কেউ নেই।’

পিএসজি বধে বায়ার্নের সবচেয়ে বড় অস্ত্র হ্যারি কেইন। ইংলিশ অধিনায়ক চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ১১ ম্যাচে ১২ গোল করেছেন। রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের (১৫ গোল) পর দুইয়ে আছেন তিনি। রিয়াল বাদ পড়ায় কেইনের সামনে সুযোগ আছে এমবাপ্পেকে টপকে যাওয়ার। যদিও, কাজটা সহজ হতে দেবে না পিএসজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *