চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান, ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

মাইলিশের নিরাপদ প্রজনন এবং বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।

রোববার (১১ অক্টোবর) সকাল থেকে চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান শেষে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা এসব জাল বিধি অনুযায়ী পুড়িয়ে বা ধ্বংস করা হয়।

নৌবাহিনীর প্রেসনোট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে পরিচালিত বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ২২টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।

চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী বলেন, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধ এবং দেশের মূল্যবান মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে সমুদ্র, উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নদ-নদীতে নৌবাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন।

গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *