চাঁদপুর শহরের ডিসি অফিসের পেছনে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে জুম্মান হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে আজ সকাল ১১টার দিকে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় ডিসি অফিসের পেছনে প্রবাসী মোহাম্মদ আলীর বাসায় চুরি করে নামার সময় পা পিছলে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন জুম্মান হাওলাদার। পরে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত জুম্মান হাওলাদার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কয়লাঘাট এলাকার মৃত হাবিব হাওলাদারের ছেলে। এদিকে জুম্মানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
জুম্মান হাওলাদারের স্ত্রী মর্জিনা বেগম জানান, আমার স্বামী রং মিস্ত্রির কাজ করত। কীভাবে ভবন থেকে পড়ে মারা গেল জানি না।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, হাসপাতাল থেকে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হবে। এ ঘটনায় কী ধরনের মামলা হবে, এখন কিছু বলা যাচ্ছে না।