চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ

নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার (১০ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, চলন্ত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই অটোরিকশাটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক ও যাত্রীরা দ্রুত অটোরিকশা থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

অটোরিকশা চালক জানান, ‘গাড়িটি চলন্ত অবস্থায় হঠাৎ শব্দ করে আগুন ধরে যায়। আমরা ধারণা করছি, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।’

স্থানীয়দের অভিযোগ, সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের নিরাপত্তায় নিয়মিত পরীক্ষা না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটে। তাই সব সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *