ঘরে বসে দেখা যাবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

স্বাধীন চলচ্চিত্র হিসেবে প্রশংসিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২৬ আগস্ট রাত ১২টার পর, অর্থাৎ ২৭ আগস্ট থেকে দেশ-বিদেশের দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

নির্মাতা আকাশ হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর সময় গণরুমের অভিজ্ঞতা এবং নিজের চারপাশের বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি, ক্ষমতার পালাবদল, পদ-পদবি নিয়ে প্রতিযোগিতা, গ্রুপিং, অর্থের লেনদেন এবং সিনিয়র-জুনিয়র সম্পর্কের নানা দিক হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে এতে।

নির্মাতা বলেন, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুধু ছাত্ররাজনীতির গল্প নয়; এটি বাংলাদেশের বৃহত্তর ক্ষমতার কাঠামোরও ছোট সংস্করণ। সিনেমাটিতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে লক্ষ্য করা হয়নি। বরং একটি রাজনৈতিক সংস্কৃতি, ব্যবস্থা ও মানসিকতার চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সিনেমাটির ‘সহমত ভাই’ গানটি লিখেছেন, সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ। সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা। নির্মাতার মতে, র‍্যাপের মাধ্যমে জটিল বিষয় সরাসরি তুলে ধরা যায়, তাই সিনেমার পরিবেশের সঙ্গে এই গানের ধরনও মানানসই।

প্রেক্ষাগৃহ ও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি দর্শকদের প্রশংসা পেয়েছে। এবার চরকির মাধ্যমে আরও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানোর অপেক্ষায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

সিনেমাটিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন ও মেহেদী হাসান সোহানসহ অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণও করেছেন আকাশ হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *