গ্যারেজের তালা ভেঙে প্রাইভেটকার চুরি, গ্রেপ্তার ১

মানিকগঞ্জে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত রাসেল মিয়া (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা জেলার ধামরাই উপজেলার জয়পাড়া বটতলা মন্দিরসংলগ্ন এলাকা থেকে চোরাই গাড়িসহ তাকে গ্রেপ্তার করে পিবিআই মানিকগঞ্জ টিম। গ্রেপ্তার রাসেল মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকার বাসিন্দা। 

পিবিআই সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মানিকগঞ্জ সদরের পালড়া এলাকায় কাউছার আলী রাজিবের গ্যারেজের তালা ভেঙে মহসীন মিয়ার মালিকানাধীন প্রাইভেটকারটি চুরি হয়। সকালে সন্ধান না পেয়ে মালিকপক্ষ পুলিশকে অবহিত করলে পিবিআই তদন্তে নামে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ধামরাইয়ে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ পিবিআই’র পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাড়ি চুরির কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্য কারো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *