গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার  বৌলতলী এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রাম ট্রাকের চালক নাদিম শেখ (২৫) ও ট্রাকে থাকা সিকিউরিটি গার্ড হাছিব (২৬) নামে দুজনের পরিচয় জানা গেছে। নিহত বাসের যাত্রী এক নারীর পরিচয় এখনও জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. আমিনুল ইসলাম জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী যাত্রীবাহী সোনালি পরিবহণের একটি বাস যাত্রী নিয়ে বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে গিয়ে পড়ে আর ড্রাম ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের চালক নাদিম শেখ নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরমধ্যে ড্রাম ট্রাকে থাকা সিকিউরিটি গার্ড হাছিব ও এক নারী বাসযাত্রী মারা যান।

আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শিপলু আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসের চালক রমজান আলীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *