গোপালগঞ্জ শহরের সিও অফিস মোড় সংলগ্ন এলাকার একটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে শিপন মিয়া (৩১) নামে এক অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার (১৬ আগস্ট) রাত রাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক শিপন জেলা শহরের নবীনবাগ এলাকার বাসিন্দা।
আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, ‘এনবিএজেইই’ অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় শিপনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে মোট ৫১টি অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়।
অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এসব অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার পাশাপাশি পেশাদার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন।
এ ঘটনায় আটক শিপন মিয়ার বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।